
যশোর: যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে স্ত্রী হিরা বেগমের (৩৩) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী বিল্লাল সরদার।
(২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।
হিরার মা মজিদা বেগম বলেন, ‘চাকই গরুহাটখোলা সংলগ্ন আক্কাচ আলী সরদারের ছেলে বিল্লাল সরদারের সঙ্গে আমার মেয়ে হিরার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিল্লাল আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। মেয়েকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি বিল্লালের শাস্তি দাবি করছি। ’
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. টুম্পা কুন্ডু বাংলানিউজকে বলেন, ‘আগুনে দগ্ধ হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। ’
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বাংলানিউজকে বলেন, ‘আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় কোনো অভিযোগ হয়নি। আপনাদের মাধ্যমে ঘটনা জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’


0 Comments